
নির্বাচনের ইশতেহারের লক্ষ্য পূরণ এবং “বাংলাদেশ ঘুরে দাঁড়াবে”—এই প্রত্যয়ে প্রবাসীদের সক্রিয় ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে “সেভ বাংলাদেশ” আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর হোটেল হলিডে ইন এক্সপ্রেসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া হায়দার।

সংগঠনের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুন নাহার কনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মজনু মিয়া, প্রকৌশলী জাকির হোসেন, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এবং অ্যাডভোকেট নয়ন বাঙ্গালী। 
এ ছাড়া তুহিন ইসলাম, শারমিন আনসারি, তৌফিকুল ইসলাম, ডা. পারভেজ হায়দার, আর্কিটেক্ট মো. শামিম, খাজা মো. কাজল, শামসুদ্দিন শাম, নেসার আহমেদ, কাইয়ুম চৌধুরী, এ টি এম আলম ও এ জি এম হোসেনসহ অনেকে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়া হায়দার বলেন, দেশের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তরুণদের খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া এবং শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন খাতে কার্যক্রম শুরু হয়েছে এবং স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের বিনিয়োগ, অভিজ্ঞতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসীদের আরও সংগঠিত হয়ে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


