
দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও লাগামছাড়া মূল্যস্ফীতির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের অর্থনীতি। সম্প্রতি ইরানজুড়ে অস্থিরতা ও আর্থিক সংকটের মাঝেই দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। এক মার্কিন ডলারের বিপরীতে এর মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটে মঙ্গলবার তথ্য দেখা গেছে। এরমধ্যে শুধুমাত্র গত এক মাসেই ইরানি মুদ্রার দাম ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে বোনবাস্ট নামে একটি ওয়েবসাইট।
বিভিন্ন ইরানি মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটিই দেশটির ইতিহাসে সর্বনিম্ন। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অনেক ইরানি তাদের সঞ্চয় রক্ষা করতে বিদেশি মুদ্রা ও স্বর্ণের দিকে ঝুঁকছেন। তাই এই দরপতন হতে পারে বলে বিশ্লেষকদের মত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে (এক্সচেঞ্জ শপ) ডলারের বিপরীতে রিয়ালের এই রেকর্ড দরপতন দেখা যায়। এতে ইরানের বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। দেশটির মানুষ এমনিতেই দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে রয়েছে।
ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, ‘বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক গতিপথেই চলছে।’


