
বিস্ফোরণের দিকে না তাকানো, ভবনে আশ্রয় নেওয়া ও অন্তত ২৪ ঘণ্টা অবস্থানের পরামর্শ
পারমাণবিক হামলা হলে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে পাঁচটি নির্দেশনা প্রচার করছে ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। এসব নির্দেশনায় বিস্ফোরণের দিকে সরাসরি না তাকানো, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে এসব নির্দেশনা প্রচার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নির্দেশনাগুলো হলো—
১. বিস্ফোরণের দিকে তাকাবেন না
পারমাণবিক বিস্ফোরণ হলে সরাসরি সেদিকে তাকানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। দ্রুত শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে হবে। বিস্ফোরণের ধাক্কা বা তরঙ্গ চলে না যাওয়া পর্যন্ত মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে হবে।
২. বিস্ফোরণের পর দ্রুত ভবনে আশ্রয় নিন
বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা কেটে গেলে দ্রুত নিকটস্থ কোনো মজবুত ভবনে প্রবেশ করতে হবে। ভবনের জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিস্ফোরণের পর বাইরে অবস্থান করা বা ছবি তোলার চেষ্টা করা যাবে না। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৩. তেজস্ক্রিয় কণা দূর করতে শরীর পরিষ্কার করুন
শরীরে তেজস্ক্রিয় পদার্থের কণা লেগে থাকলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে শরীরের খোলা অংশ ধুয়ে ফেলতে হবে। সাধারণ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে, তবে কন্ডিশনার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। গোসলের সুযোগ না থাকলে মুখ, হাতসহ শরীরের খোলা অংশ পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
৪. অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলে থাকুন
হামলার পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৫. বের হওয়ার আগে সরকারি নির্দেশনা অনুসরণ করুন
২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে—এমনটি ধরে নিয়ে আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। বাইরে যাওয়ার আগে অবশ্যই সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগার বা ধসে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত অন্য নিরাপদ ভবনে যেতে হবে।
সূত্র: এনডিটিভি


