
এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোনকে রোমানিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ন্যাটো মিশনের অংশ হিসেবে এ অভিযান করা হয়। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআর-কে জানান, ড্রোনটি ভোর্তসইয়ার্ভ হ্রদের ওপর গুলি করে নামানো হয়।

তিনি বলেন, লাটভিয়ার কাছ থেকে আগাম সতর্কবার্তা পাওয়ার পর এস্তোনিয়ার রাডারেও দক্ষিণাঞ্চলে একটি ড্রোন শনাক্ত হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্টিক এয়ার পোলিসিং মিশনে থাকা একটি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি ভূপাতিত করে রোমানিয়ার একটি যুদ্ধবিমান। এস্তোনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কো মিকেলসন বলেন, রাশিয়ার ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে ড্রোনটি পথ হারিয়ে থাকতে পারে।
এদিকে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেভকুর জানান, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেডোরভ ফোনে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।


