
নেত্রকোণার কেন্দুয়ায় টানা কয়েক দিনের তীব্র লোডশেডিং এবং আর্জেন্টিনা-জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। হামলায় অফিস ভবনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে কেন্দুয়ায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলতে থাকায় প্রচণ্ড গরমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
এর মধ্যে আর্জেন্টিনা-জর্ডান বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমী ও গ্রাহকদের একটি অংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহকের বিপরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট।
অথচ বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। কেন্দ্র থেকে বরাদ্দের বাইরে স্থানীয়ভাবে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ নেই। বিদ্যুৎ ঘাটতি এবং ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. রেজাউল করিম বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।


