
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রশাসনিক সহযোগিতার দাবিতে রাজশাহীর বানেশ্বরে বিক্ষোভ র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), রাজশাহী জেলা বানেশ্বর শাখা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও নিরাপত্তাহীনতার নানা চিত্র।

“আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।” এ স্লোগানকে সামনে রেখেই মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে প্রায়ই অপমান, অবহেলা ও অসম্মানের মুখে পড়তে হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের।
বক্তারা অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসা খাতের এই পেশাজীবীদের পরিচয়কে খাটো করে দেখা হয়। অথচ আধুনিক ওষুধ, চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য চিকিৎসক ও হাসপাতালের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারাই। দেশের ওষুধ শিল্পের সম্প্রসারণেও তাদের অবদান রয়েছে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম বড় খাত হলেও মাঠপর্যায়ের কর্মীদের জন্য এখনো সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ, অনিরাপদ যাতায়াত ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।
এর আগে একটি বিক্ষোভ র্যালি বানেশ্বর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। কর্মসূচি শেষে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়।


