
অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন প্রকৌশলী ফরিদ উদ্দীন খান (৩৮)। তবে মায়ের সঙ্গে শেষ দেখাও আর হয়নি।বাড়ি পৌঁছানোর আগেই দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেটে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি পাবলিক টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদের মা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে পাশের একটি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও বাইরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়।


