

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি নাড়া দিয়েছে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকেও। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে অনেকেই অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি দাবি তুলেছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের। অভিনেতা সিয়াম আহমেদ নিজের ফেসবুক পোস্টে অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানান।
অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’
বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’
অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না। যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুর বেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’
অপ্রতিমের এমন মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় যেমন গভীর শোক উঠে এসেছে, তেমনি উঠে এসেছে নিরাপদ পরিবেশ ও সুষ্ঠু বিচারের দাবি। এখন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার অপেক্ষায় অপ্রতিমের পরিবারসহ সাধারণ মানুষ।

