
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার (৯ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এক সপ্তাহের জাপান সফর শেষে শনিবার বেলা ১২টায় তিনি দেশে ফেরেন।

জাপান সফর প্রসঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, জাপান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী। সফরে ক্যানসার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।
জামায়াতের আমির জানান, ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে জামায়াত আমিরকে স্বাগত জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত ২ মে শনিবার রাত ৩টায় ডা. শফিকুর রহমান জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার সফর সঙ্গী ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।


