
রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়াহাট দ্বি-মুখী ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসী। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বা বিরোধকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ নষ্ট করা উচিত নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রকাশ্য বিরোধে না গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।

তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসার পর সত্য ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে অভিযোগকে কেন্দ্র করে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকেও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী বলেন, “মাদরাসার শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে, সেগুলো আমাদের কাছে বানোয়াট ও মিথ্যা বলে মনে হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
মানববন্ধনে বক্তারা বলেন, বেলঘরিয়াহাট দ্বি-মুখী ফাযিল (ডিগ্রি) মাদরাসাটি দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো বিরোধ বা অভিযোগকে কেন্দ্র করে যাতে এর শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ ফারুক মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক শিক্ষার্থী ও বাগমারা উপজেলা জামায়াতের আমির প্রভাষক বাবুল হুসাইন, সাবেক শিক্ষার্থী ও দেলুয়াবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফিজুর রহমান, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সিরাজুল ইসলাম, মাদরাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক আব্দুল কাদের, কম্পিউটার শিক্ষক কানজিমা খাতুন এবং দশম শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান, মোস্তাফিজুর রহমান ও রোকাইয়া খাতুন। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সাদের আলী, আব্দুল গনি ও হাতেম আলীসহ অনেকে।
বক্তারা দাবি করেন, সম্প্রতি বেলঘরিয়াহাট ফাজিল মাদরাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ওই বিরোধের জেরে পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে অসন্তুষ্ট একটি পক্ষ অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।


