
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) ঃ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকরা যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার কিনতে পারেন এবং কোনো ব্যবসায়ী বা ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, সে লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর বাজারের বিভিন্ন সার ও কৃষি উপকরণের দোকানে অভিযান চালানো হয়। এ সময় এম এস এন্টারপ্রাইজে অতিরিক্ত মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সার বিক্রির মূল্যতালিকা, মজুদ ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন তথ্যও যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং মজুদ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ কিংবা অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের হয়রানি বন্ধ ও সারের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে।


