
ফল প্রকাশের পর ভুল ধরা পড়ল, রাজশাহীতে ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক
এসএসসির ফল প্রকাশের পর রাজশাহীতে তোলপাড়, শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান শিক্ষার্থী-অভিভাবকদের
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজশাহীতে ফল নিয়ে শুরু হয় তীব্র ক্ষোভ ও উত্তেজনা। ৫০ নম্বরের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষার্থীদের প্রত্যেককে দেওয়া হয়েছে ২৫ নম্বর করে। ফলাফলে এমন ভুল দেখে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক আইরিন জাফরকে প্রায় পাঁচ ঘণ্টা তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। পরে শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান নেন তারা।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল দেখতে গিয়ে লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা দেখতে পান, ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সবার নম্বর ২৫ করে দেখানো হয়েছে। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকেরা। একপর্যায়ে ক্ষুব্ধরা কেন্দ্র সচিবকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৫০ নম্বর দেওয়ার কথা থাকলেও ভুলভাবে ২৫ নম্বর করে দেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। ফল সংশোধন না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরিস্থিতি সামাল দিতে বিষয়টি জানানো হয় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে। বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র সচিব আইরিন জাফর শিক্ষা বোর্ডে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরাও সেখানে গিয়ে অবস্থান নেন। এ সময় বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিবের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত জানায়।
একই সঙ্গে ভুল সংশোধন করে ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পূর্ণ ৫০ নম্বর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বোর্ডের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কেন্দ্র সচিব আইরিন জাফর বলেন, লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার ৪৫২ জন পরীক্ষার্থী ছিল। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সাধারণত প্রত্যেক পরীক্ষার্থীকে ৫০ নম্বর দেওয়া হয়। কিন্তু ভুলবশত প্রথমে প্রত্যেকের নম্বর ২৫ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিষয়টি জানার পর ফল সংশোধন করে পূর্ণ নম্বর দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছিল। তবে চূড়ান্ত ফল প্রকাশের সময় সেই সংশোধন কার্যকর হয়নি। আইরিন জাফর আরও বলেন, বিষয়টি ইচ্ছাকৃত কোনো ভুল নয়। সংশোধনের জন্য শিক্ষা বোর্ডকে আগেই জানানো হয়েছিল। এখন পরীক্ষার্থীদের ফল সংশোধন করা হবে। এই ভুলের কারণে তাদের জিপিএতে কোনো হেরফের হবে না।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব আইরিন জাফরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ফলাফল প্রকাশের সফটওয়্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করে ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।
বোর্ড সচিবের এমন আশ্বাসের পরই শিক্ষার্থী ও অভিভাবকেরা অবস্থান প্রত্যাহার করেন। তবে ফল প্রকাশের মতো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় ভুলভাবে নম্বর দেওয়ার ঘটনায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।


