
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ খাতের ব্যাংকগুলো দিয়ে দেশে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।
শীর্ষে ইসলামী ব্যাংক
ব্যাংকভিত্তিক হিসাবেও ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।
রেমিট্যান্স আহরণে পরের অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের নিয়মিত হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের বড় অংশই আসছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনের হিসাবেও সেই ধারাই অব্যাহত রয়েছে।


