
রাজশাহীতে দৈনিক সোনার দেশ পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বুধবার (১৫ এপ্রিল) রাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন।

পরিদর্শনকালে তিনি কেন এবং কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানান।
পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত আরইউজে সভাপতি আবদুল আউয়ালকে জানান, এ ঘটনায় আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসময় সাংবাদিক নেতা আবদুল আউয়াল যেকোনো প্রয়োজনে পত্রিকাটির পাশে থাকার আশ্বাস দেন।
সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে অফিসের কিছু আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পত্রিকার নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।


