
গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা শাবনূর, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছে সিডনির রাস্তায়, সঙ্গে গান আর আড্ডা। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকার এমন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে সময় কাটান শাবনূর ও রবি চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর ফিরে গেছেন নিজের অভিনীত ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের স্মৃতিতে।

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে শাবনূর লেখেন, সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে ফিরে গেছেন তিনি। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর দুই লাইন রবি চৌধুরীর কণ্ঠে শুনে নস্টালজিয়ায় ডুবে যান এই অভিনেত্রী। তার ভাষায়, শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।
‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান। গানটির মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। গানের গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তার সিডনি সফরের খবর আগেই পেয়েছিলেন শাবনূর। এরপর সময় বের করে বন্ধুর সঙ্গে ঘোরাঘুরির পরিকল্পনা করেন তিনি। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি আড্ডা ও গানে সময় কাটান দুজন।
শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনের জন্মদিনও একই তারিখে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তারা। এবারের ভিডিওতেও পুরোনো বন্ধুত্বের সেই আন্তরিকতার ছাপ দেখা গেছে।
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র ও সংগীতের সঙ্গে যুক্ত এই দুই তারকার একসঙ্গে সময় কাটানোর দৃশ্য ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছে পুরোনো দিনের স্মৃতিতে। সময় বদলালেও তাদের বন্ধুত্ব যে এখনো অটুট, সিডনির এই মুহূর্ত যেন সেই কথাই মনে করিয়ে দিল।


