
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল অ্যাকশন ফর হেলথ অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ অ্যাডভান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে নগরীর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর প্রথম ধাপ শুরু হয়।

কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) গাছের চারা দিয়ে সহযোগিতা করছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সাহরা ফাউন্ডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. তাহমিনা বেগম, রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং সাহরার নির্বাহী সদস্য ডা. গোলাম রব্বানিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
কর্মসূচিতে সাহরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় রাজশাহী নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হবে।


