
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হলে ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
রাবি প্রেসক্লাবের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুল ইসলাম ধ্রুব বলেন, হামলার আগে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে অবস্থান করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে দীর্ঘ সময় প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হলে তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ.আল মামুন বলেন, ‘জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’ সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে কাজের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত হতে হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণমাধ্যম রাষ্ট্রের আয়না; সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মো. মশিহুর রহমান, অধ্যাপক ড. এবি এম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারসহ শতাধিক শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।


