
একজন হত্যাকারী হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন
শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী; প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একজন হত্যাকারী হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন।’ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে দিল্লির কাছে ক্রীতদাস হয়ে থাকতেন। মাশরাফি বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না। নড়াইল কি এখন নেই?
রিজভী আরও বলেন, শেখ হাসিনা চামচা ও তাবেদারদের ওপর ভর করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনগণের প্রকৃত শক্তি বুঝতে পারেননি। আর সে কারণেই তাঁর এমন লজ্জাজনক পতন হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে এ দেশের জনগণ বারবার নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে ন্যায়বিচার ও প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।



