
আগামী দিনের বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আরও পড়তে হবে, আরও শিখতে হবে। সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে।

শনিবার (২০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হলো তার মেধাবী তরুণ প্রজন্ম। যে জাতি মেধার মূল্যায়ন করতে জানে না, সে জাতি কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রাজশাহীকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় রাজশাহী বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেই অর্জন সম্ভব হয়েছিল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ.পি.জে. আবদুল কালামের জীবনাদর্শ অনুসরণের পরামর্শ দিয়ে বলেন, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতে হবে। আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে তারা বাংলাদেশের প্রতিনিধি। তাদের আচরণ, শিষ্টাচার ও মূল্যবোধের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে।
ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ে আরও বড় পরিসরে মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ভূমিমন্ত্রী। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


