
গবেষণাপত্র প্রকাশের প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে জার্নাল সাবমিশন, রিভিউ ও প্রকাশনায় পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। একই সঙ্গে জার্নালে যুক্ত হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) নম্বর।
নতুন এ ব্যবস্থার ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা অনলাইনে গবেষণাপত্র জমা দিতে পারবেন। একই প্ল্যাটফর্মে গবেষণাপত্রের রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রকাশিত পেপারের জন্য DOI নম্বর দেওয়া হবে।

রুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত Journal of Engineering and Applied Science (JEAS)-এর জন্য তৈরি করা হয়েছে অটোমেশনভিত্তিক নতুন ওয়েবসাইট। এর মাধ্যমে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনেই গবেষণাপত্র জমা, রিভিউ ও প্রকাশনার কার্যক্রম সম্পন্ন করা যাবে।
আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় ওয়েবসাইটটি ডেভেলপ করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নতুন ব্যবস্থার ফলে গবেষণাপত্র প্রকাশের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়বে।
রুয়েটে প্রকাশিত জার্নালের ক্ষেত্রে এতদিন ভলিউম-৯ পর্যন্ত DOI নম্বর প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে নতুন উদ্যোগের মাধ্যমে ভলিউম-১০ থেকে জার্নালে DOI নম্বরের ব্যবহার শুরু হচ্ছে।
আন্তর্জাতিক গবেষণা জগতে প্রকাশিত গবেষণাপত্রকে নির্দিষ্টভাবে শনাক্ত করা এবং অনলাইনে সহজে খুঁজে পাওয়ার ক্ষেত্রে DOI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রুয়েটের গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে আরও সহজে শনাক্ত ও উদ্ধৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


