
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহী কলেজ-এর কেন্দ্রীয় মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স।কাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান সৈয়দ নাদিম আখতার। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার সাহা এবং প্রভাষক সুপ্রিয়া সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এছাড়া উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন, তাকবীর হাসান, সহকারী অধ্যাপক উম্মে ইশরাত জাহানসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ শিক্ষকবৃন্দ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নাফিজ আহমেদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আলাউদ্দিনসহ অনেকে এসে অধ্যাপক সাত্তারের প্রতি শ্রদ্ধা জানান।
অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। । তাদের কাছে অধ্যাপক আব্দুস সাত্তার শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন পথপ্রদর্শক, এবং প্রেরণার উৎস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, “অধ্যাপক আব্দুস সাত্তার শুধু মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন না, তিনি ছিলেন রাজশাহী কলেজের এক অমূল্য সম্পদ। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মনে জ্ঞানের আলো জ্বালিয়েছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক আব্দুস সাত্তার তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “রাজশাহী কলেজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানকার প্রতিটি ইট-কাঠ, প্রতিটি শ্রেণিকক্ষ এবং প্রতিটি শিক্ষার্থীর স্মৃতি আমার হৃদয়ে চিরকাল জড়িয়ে থাকবে। আমি আমার সকল সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ।”
সভাপতির বক্তব্যে সৈয়দ নাদিম আখতার অধ্যাপক সাত্তারের কর্মনিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও শিক্ষাদানে তাঁর অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্য বক্তারাও তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যাপক আব্দুস সাত্তারকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
অধ্যাপক আব্দুস সাত্তারের অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে রাজশাহী কলেজ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালেও, তাঁর রেখে যাওয়া জ্ঞান ও অনুপ্রেরণা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের দীর্ঘদিন পথ দেখাবে বলে সকলে আশা প্রকাশ করেন।


