
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
পরিচ্ছন্ন নগর, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাজশাহীর প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শহরের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে তিনি বলেছেন, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ২৮ নভেম্বর ২০২৬ শনিবার রাত ৮ টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ানের শুরুতেই রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানান আজহারী। এরপর শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি শুনেছি রাজশাহী হচ্ছে সবচাইতে ক্লিন সিটি ইন বাংলাদেশ। দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এভার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশাআল্লাহ। একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্যান্য ৬৩ জেলার আপনাদের থেকে শেখার আছে অনেক কিছু।’
রাজশাহীর মতো দেশের অন্য জেলাগুলোও পরিচ্ছন্ন হয়ে উঠবে—এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘রাজশাহী যেমনি নিট অ্যান্ড ক্লিন, আমাদের অন্যান্য ৬৩ জেলাগুলোও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে।’
বক্তব্যে রাজশাহীর সঙ্গে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেন আজহারী। তিনি বলেন, ‘ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমি যখন ল্যান্ড করছিলাম, দেখি দুই পাশে সারি সারি আমের বাগান। আছে কালাই রুটি। আপনাদের আছে রেশম। নানা নেয়ামত দিয়ে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’
তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে সভাপতিত্ব করেন।


