
রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ ঘটনায় মোশারফ হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ চোরাকারবারি মোশারফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামে। মঙ্গলবার(২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৭:৪০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচায় গুজা অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ, যার ওজন ২৯৪.১৩ গ্রাম অবৈধ স্বর্ণ-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, স্বর্ণ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি মামলা রুজু হয়েছে।


