
রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন অভিযুক্ত আরমান আলীকে (৬৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তার আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সলেমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি তার আড়াই বছরের ছোট ভাইকে নিয়ে বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় আরমান আলী টেলিভিশনের অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন। পরে শিশুটির মা ছাগল আনতে মাঠে গেলে ঘরে থাকা শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান। পরে শিশুটির মা বাড়িতে ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানানো হয়।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
পরে শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। রোববার দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রামের লোকজন আরমান আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


