
রাজশাহী নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক নেতা রফিকুল আলী পাখিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে ড্রাইভার লিটন নামে এক শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে বাসচালক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা শ্রমিক ইউনিয়নের ‘অবৈধ কমিটি’ বাতিল এবং দ্রুত নতুন নির্বাচনের দাবি জানান। এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ শ্রমিক নেতা পাখির ওপর হামলা চালায়।
বিক্ষোভে অংশ নেওয়া ড্রাইভার মিজান অভিযোগ করেন, আগে ২১ সদস্যের কমিটিকে বাড়িয়ে ৪১ সদস্য করা হয়েছে এবং শ্রমিকদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তার দাবি, আগের সময়ের কমিটিই এখনো বহাল রেখে নানা অনিয়ম চলছে, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম কালবেলাকে বলেন, একটি বাসচালককে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিক্ষোভে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আগামীকাল শ্রম আদালতে যাবেন এবং রাজশাহীতে বাস চলাচল বন্ধ রাখবেন। পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য শ্রমিক নেতা রফিকুল আলী পাখি রাজশাহী জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এবং রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সহ: সভাপতির দায়িত্ব পালন করছেন।


