
অবশেষে বিভাগীয় শহর রাজশাহীতে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। দীর্ঘদিনের প্রত্যাশার পর মহানগরীর নওদাপাড়ায় নির্মিত এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলে দক্ষ চালক ও পরিবহনকর্মী তৈরির পাশাপাশি বিআরটিসির সেবার পরিধি আরও বিস্তৃত হবে।
দুই বছরে ৬০ হাজার প্রশিক্ষণার্থী তৈরির লক্ষ্য
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওদাপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণপরিবহন খাতে বিআরটিসি একটি আস্থার নাম। বেসরকারি পরিবহনের তুলনায় বিআরটিসি তুলনামূলকভাবে নিরাপদ, সাশ্রয়ী ও জনবান্ধব সেবা দিয়ে আসছে। দুর্ঘটনার হারও অন্যান্য অনেক পরিবহনের তুলনায় কম। আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিআরটিসি সূত্রে জানানো হয়, নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রে আগামী দুই বছরের মধ্যে প্রায় ৬০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য তিন দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজশাহীতে এর আগে বিআরটিসির কোনো বাস ডিপো বা প্রশিক্ষণ কেন্দ্র ছিল না। নতুন এ স্থাপনা চালুর ফলে উত্তরাঞ্চলের পরিবহন ব্যবস্থাপনা ও দক্ষ জনবল তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠান শেষে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রাজশাহী বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও নজরদারিতে নিয়োজিত ছিলেন।



