
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজ নিজ সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তাঁরা। আগামীকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন নিজ দেশের জেনসি ডঙকে। অন্য সেমিফাইনালে প্রথম সেটে ৬-০ এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন জিমো সঙ। এ সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা থেকে অবসর নিলে জয় নিশ্চিত হয় জিমো সঙের।
ফাইনালে চীনের দুই খেলোয়াড় মুখোমুখি হওয়ায় ম্যাচটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। জিমো সঙ বলেন, ‘আমরা শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব। ভালো ফল অর্জন করতে চাই।’
চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে নিজের দিকে ইশারা করে জিমো সঙ বলেন, ‘অবশ্যই।’ একইভাবে সিয়ান জিয়াঙও নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান।
টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চেষ্টা চলছে।
রাজশাহীর পরিবেশ নিয়ে তিনি বলেন, বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা এখানকার পরিবেশ উপভোগ করছেন। রাজশাহীর সবুজ পরিবেশের পাশাপাশি দর্শকদের উৎসাহও খেলোয়াড়দের ভালো লাগছে।
চীনা খেলোয়াড়দের সাফল্য প্রসঙ্গে জয় মুখার্জী বলেন, এশিয়ার টেনিসে চীন এখন শক্ত অবস্থানে রয়েছে। বিশ্ব টেনিসেও দেশটির অবস্থান আগের তুলনায় শক্তিশালী হয়েছে। বিশেষ করে জুনিয়র পর্যায়ে চীনের খেলোয়াড়েরা এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছেন। আগামী কয়েক বছরের মধ্যে চীনের কোনো খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পারেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ছেলেদের এককের সেমিফাইনালও অনুষ্ঠিত হবে শুক্রবার। বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে হংকংয়ের শিব মহনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। আরেক কোয়ার্টার ফাইনালে চীনের লিমো জোকে হারিয়েছেন হংকংয়ের চুন কিউ লক।
ভারতের জাগ্রুতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছেন চীনের ফ্যাং টিয়ানি। তাঁর প্রতিপক্ষ হয়েছেন তাইওয়ানের জিচে চেন।
শুক্রবার ছেলেদের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল খেলবেন হংকংয়ের চুন কিউ লকের বিপক্ষে। অন্য সেমিফাইনালে চীনের ফ্যাং টিয়ানির প্রতিপক্ষ তাইওয়ানের জিচে চেন।
আয়োজকেরা জানান, বৃষ্টির কারণে টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন হলেও শুক্রবার মেয়েদের এককের ফাইনালের পাশাপাশি ছেলেদের এককের দুই সেমিফাইনাল ও ডাবলসের ফাইনাল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জয় মুখার্জী বলেন, ‘কালকের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ফাইনাল ও সেমিফাইনালে ওঠা খেলোয়াড়েরা সবাই ভালো র্যাংকিংয়ের। তাঁরা একাধিক কঠিন ম্যাচ জিতে এখানে এসেছে। ফলে ম্যাচগুলো জমজমাট হওয়ার আশা করছি।’


