
রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় ধাপে নাটোর ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অস্ত্রধারীর সহযোগীসহ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশি–বিদেশি অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়। শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল।
ডিআইজি বলেন, “নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি, দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসী কার্যক্রম, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।” অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি এবং বিশেষ শাখার সদস্যরা অংশ নেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইট তিনটি ধাপ সম্পন্ন হলেও অভিযান এখানেই শেষ নয়। রাজশাহী রেঞ্জের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে। ডিআইজির ভাষায়, “এই অপারেশনের মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।”


