
ভাটারার ১০০ ফিট সড়কে অগ্নিসংযোগ; গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনায় উদ্বেগ
রাজধানীর ভাটারা থানার কাছে ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাসটি দাউদাউ করে জ্বলতে দেখা যায়। ঘটনার সময় বাসে কেউ ছিল না বলে জানা গেছে।

এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় পুলিশ তদন্ত ও নজরদারি জোরদার করেছে।
রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।
তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল পার্টি, পিকেট ডিউটি ও নজরদারি অব্যাহত রয়েছে।
ককটেল তৈরির উপাদান কোথায় প্রস্তুত করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্তে অভিযান চলছে।


