
ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে ‘দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানানো হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৮ অক্টোবর) জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডারস কনফারেন্সে এই সতর্কবার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সম্মেলনে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের “দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্যে” গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এসব বক্তব্য ‘রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধোন্মাদনা উসকে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা।’
আইএসপিআর জানায়, ‘ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান দ্রুত, দৃঢ় ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে-যাতে ভৌগোলিক অবস্থান থেকে ভারতের যে আপাত নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে, তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে। যে কোনো কল্পিত ‘‘নতুন স্বাভাবিকতা’’র জবাবে পাকিস্তান তৈরি করবে নতুন বাস্তবতা-দ্রুত প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার।’
সভায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক মদদপুষ্ট সন্ত্রাস ও অপরাধচক্রের যে বিদ্যমান যোগসূত্র রাষ্ট্র ও জনগণের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে, তা আর চলতে দেওয়া হবে না যে পরিস্থিতিই আসুক না কেন।’
এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়, যখন ভারতের সামরিক কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানবিরোধী মন্তব্য বাড়িয়ে তুলেছেন।


