
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষি খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সময়োপযোগী সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সরকারের প্রতিটি প্রণোদনা কর্মসূচি কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি কৃষকদের প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার মাঠ পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আর্থিক চাপ কমিয়ে আবাদে উৎসাহ জোগাবে। তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, চলতি খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও মুগ চাষ সম্প্রসারণে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ ও কৃষক প্রতিনিধি গোলাম মোস্তফা বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সইদ আলী রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কেশরহাট পৌর বিএনপির সদস্য সচিব মশিউর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলার ৫৭০০ জন আউশ চাষীকে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৭০ জন তিল চাষীকে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন মুগ চাষীকে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।


