
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।বুধবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে সাঁকোয়া গ্রামে নিহতের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহত আলাউদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের ছেলে ইমরান আলী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে করে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং বাদী পক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরও জানান, গত ৭ মার্চ রাত সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে আলাউদ্দিনকে নির্মমভাবে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাইসুল ইসলাম রাসেলকে। এছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে ওমর ফারুক, আব্দুল করিম, ইসমাইল হোসেন, মাহাবুর রহমান, কামরুজ্জামান হেনা ও ওয়াহেদ হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আসামিদের রাজনৈতিক প্রভাব থাকায় তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আসামিদের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের ছবি ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ পরিদর্শক মোদাচ্ছের রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


