
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও এর আশপাশ এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন মোহনপুর উপজেলার উপ-সমন্বয়ক সিফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধি মাহাতাব, জাহিদ, জামিলা আক্তার জুই, মাইশা খাদিজা ও পাশাসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবীরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বলেন, শুধু পরিষ্কার করলেই হবে না, বরং মানুষকে সচেতন করতে হবে—যেন কেউ যত্রতত্র ময়লা না ফেলে।
এ সময় স্থানীয়দের মধ্যেও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
বিডি ক্লিনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, তরুণদের এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


