
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে আলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আলাম উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে। তিনি স্থানীয় কেশরহাট বাঁশ হাটে বাঁশ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলের সংকটের কারণে সকাল থেকেই ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পড়ে। আলামও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার অপেক্ষায় ছিলেন। তীব্র রোদ ও গরমের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিভাস শর্মা জানান, “রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।”
এ বিষয়ে কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাক আহমেদ বলেন, “তেলের সংকটের কারণে মানুষের চাপ অনেক বেশি। আমরা শৃঙ্খলার মধ্যে তেল দেওয়ার চেষ্টা করছি। তবে গরমের কারণে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট হচ্ছে, বিষয়টি আমরাও উপলব্ধি করছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা বিশেষ করে গরমের সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
উল্লেখ্য, এর আগেও একই ফিলিং স্টেশনে তেল নিতে এসে দুর্ঘটনায় উপজেলার হরিদাগাছি গ্রামের আব্দুল মালেক নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়।


