
বিনোদন ডেস্ক
মুক্তির এখনো প্রায় এক বছর বাকি। এরই মধ্যে প্রযুক্তিগত সাফল্যের কারণে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। এটি আল্লু অর্জুন ও অ্যাটলির প্রথম যৌথ কাজ।

প্রযোজনা সংস্থা সান পিকচার্স সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘রাকা’র একটি দৃশ্যে একই সময়ে রিয়েল টাইমে ৩৭ জন অভিনেতার গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, ভারতীয় সিনেমায় প্রযুক্তিগতভাবে এ ধরনের কাজের ঘটনা এটাই প্রথম।
এই সাফল্যের পর আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির একটি ছবি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। ছবিতে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটেও রেকর্ডটির উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনেমাটি মুক্তির আগেই এর প্রযুক্তিগত কাজ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে অ্যাটলির নির্মাণশৈলী ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ‘রাকা’কে ঘিরে কৌতূহল বাড়ছে।
এর আগে সিনেমাটির কিছু দৃশ্য দেখে প্রশংসা করেছেন দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী। তার ভাষ্য অনুযায়ী, অ্যাটলি তাকে ‘রাকা’র কয়েকটি দৃশ্য দেখিয়েছেন। দৃশ্যগুলো দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান। এমনকি ‘অ্যাভাটার’-এর মতো বড় বাজেটের সিনেমাতেও তিনি এ ধরনের দৃশ্য দেখেননি বলে দাবি করেন এই পরিচালক।
সিনেমাটির গীতিকার বিবেকও ‘রাকা’র কাজের প্রশংসা করেছেন। তার দাবি, এ ধরনের সিনেমা তিনি এর আগে মূলত হলিউডের ছবিতেই দেখেছেন।
আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় তারকার উপস্থিতির পাশাপাশি অ্যাটলির পরিচালনা এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ‘রাকা’কে মুক্তির আগেই আলোচনায় নিয়ে এসেছে। এখন দর্শকদের অপেক্ষা—পর্দায় সিনেমাটি কতটা চমক দেখাতে পারে।


