
রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতি নস্যাৎ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ। এ সময় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ককটেল ও মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিকেলে এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ তৎপরতার সঙ্গে তা ভণ্ডুল করে দেয়।

নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২৪৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে মিছিলের ব্যানার ও ককটেল জব্দ করা হয়েছে। এর আগেও ডিএমপির ধারাবাহিক অভিযানে এ ধরনের কর্মকাণ্ড থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের মাতৃভূমি স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। নগরবাসীও আমাদের এ কাজে সহযোগিতা করে যাচ্ছে।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের আশপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। অগ্রিম তথ্য পেলে আমরা তাদের মোকাবিলা আরও কার্যকরভাবে করতে পারব।”
গ্রেফতারকৃতদের এলাকা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতদের অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছে।”
দুর্গাপূজার সঙ্গে এই মিছিলের কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “দুর্গাপূজা উপলক্ষে এমন মিছিলের কোনো তথ্য নেই। আসলে নির্বাচনকে সামনে রেখে তারা নতুন করে সক্রিয় হচ্ছে।”
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর।


