
দেশের ভোটারদের পছন্দের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে ছয়টি বিভাগে। জামায়াতে ইসলামী শীর্ষে রংপুর বিভাগে, আর বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এমন চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব-তৃতীয় খণ্ড’-এর প্রতিবেদনে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিষয় ছিল ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’। ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার জরিপের ফল উপস্থাপন করেন।
জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে।
ময়মনসিংহে বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%
সিলেটে বিএনপি ৪৪.৭%, জামায়াত ২৯.৬%, আওয়ামী লীগ ১৪%
রাজশাহীতে বিএনপি ৪৪.৪%, জামায়াত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%
খুলনায় বিএনপি ৪৩.৩%, জামায়াত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%
ঢাকায় বিএনপি ৪০.৮%, আওয়ামী লীগ ২৫.৮%, জামায়াত ২৪.৩%
চট্টগ্রামে বিএনপি ৪১.৯%, জামায়াত ২৭.৬%, আওয়ামী লীগ ১৭.১%
অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত ৪৩.৪% সমর্থন নিয়ে এগিয়ে, সেখানে বিএনপি ৩৬.৭% এবং আওয়ামী লীগ ১২.৫%। বরিশালে আওয়ামী লীগ ৩১.৯% সমর্থন পেয়ে শীর্ষে, বিএনপি ২৮.৭% ও জামায়াত ২৯.১%। সার্বিকভাবে ভোটারদের পছন্দের ক্রম হলো- প্রথমে বিএনপি, দ্বিতীয় জামায়াত, তৃতীয় আওয়ামী লীগ এবং চতুর্থ এনসিপি।
ইনোভিশনের তথ্য অনুযায়ী, সার্ভেটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন নাগরিকের অংশগ্রহণে। এর মধ্যে গ্রামীণ ভোটার ৬৯.৫% ও শহুরে ৩০.৫%। পুরুষ ভোটার ৫৪.২%, নারী ৪৫.৪% এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ০.৪%।
বয়সভিত্তিকভাবে অংশগ্রহণকারীদের মধ্যে জেন জি (১৮-২৮ বছর) ৩৭.৬%, মিলেনিয়াল (২৯-৪৪ বছর) ৩৩.৪%, জেন এক্স (৪৫-৬০ বছর) ১৯.৮% এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১.৩%।
বিভাগভিত্তিক নমুনায় ঢাকা বিভাগে ২৫.৬%, চট্টগ্রামে ২০%, রাজশাহীতে ১৫%, খুলনায় ১১.২%, রংপুরে ১১%, ময়মনসিংহে ৯.৫%, বরিশালে ৬.২% এবং সিলেটে ৫.৩% অংশ নিয়েছে।
‘পিপলস ইলেকশন পালস সার্ভের’ দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্বে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণ করা হয়। জরিপ পরিচালনায় ইনোভিশনকে সহযোগিতা করে গবেষণা সংস্থা ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম।


