
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের জন্য প্রায় ৪২৮ দশমিক ২ মিলিয়ন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং এম৭৭৭ এ২ আল্ট্রা-লাইট হাউইটজার কামানের দীর্ঘমেয়াদি সাপোর্ট।

এর মধ্যে এম-৭৭৭ হাউইটজারের জন্য প্রায় ২৩ কোটি ডলারের প্যাকেজে খুচরা যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ফিল্ড সার্ভিস এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য ১৯ কোটি ৮২ লাখ ডলারের সহায়তা প্যাকেজে অংশ নিচ্ছে বোয়িং ও লকহিড মার্টিন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রয় চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সহায়তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাড়াবে এবং আঞ্চলিক হুমকি প্রতিরোধে সহায়তা করবে। তবে এতে অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও দাবি করেছে ওয়াশিংটন।
গত এক দশকে যৌথ সামরিক মহড়া, অস্ত্র বিক্রি ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে।


