
রাজশাহীর চারঘাটে মানবিক সহায়তার আকুতি, “গরু-ছাগল ও জমি বিক্রি করেও মেলেনি সুস্থতা”
রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া মসজিদপাড়া গ্রামের মোছা. সুমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। ২০১৯ সালে রোগটি শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসা চালিয়ে আসছেন তিনি। ইতোমধ্যে পরিবারের শেষ সম্বলটুকুও চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিদিনের ওষুধের খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সুমা বেগমের ব্রেন টিউমার শনাক্ত হয়। পরের বছর ২০২০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই তার ডান চোখে মারাত্মক সমস্যা দেখা দেয়। বর্তমানে ওই চোখে তিনি দেখতে পান না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার আশায় সম্প্রতি ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন তিনি। প্রায় দুই মাস আগে ভারত থেকে দেশে ফেরেন সুমা।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে সুমার প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ টাকার ওষুধ প্রয়োজন হয়। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের আয়-রোজগারের পাশাপাশি গরু-ছাগল ও জমি বিক্রি করতে হয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এখন বসতভিটার বাইরে তাদের তেমন কোনো সম্পদ অবশিষ্ট নেই।
অসুস্থতার কারণে সুমা স্বাভাবিকভাবে খাবারও খেতে পারেন না। শারীরিক দুর্বলতা ও নানা জটিলতায় দৈনন্দিন জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। তার একমাত্র সন্তান মো. আব্দুল্লাহ বিন সুভ (৭) মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
সুমার স্বামী ও পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে সুমার চিকিৎসা আবার শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
পরিবারের পক্ষ থেকে দেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তবান ও প্রবাসীদের কাছে সুমার চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তাদের ভাষ্য, সামর্থ্য অনুযায়ী যে কোনো আর্থিক সহায়তা এই সংকটময় সময়ে সুমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মানবিক সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমন আশায় দিন গুনছেন ব্রেন টিউমারে আক্রান্ত সুমা বেগম ও তার পরিবার। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার প্রত্যাশায় রয়েছে ছোট্ট আব্দুল্লাহও।
সহায়তা ও যোগাযোগ:
মোবাইল: ০১৩০৯২০৭৬৪৪
ঠিকানা: মাড়িয়া মসজিদপাড়া, শলুয়া ইউনিয়ন, চারঘাট, রাজশাহী।


