
৫ আগস্ট গণসমাবেশ, ৬ আগস্ট দেশজুড়ে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা বৈঠকে অংশ নেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানানো হবে।
পরদিন ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে জোটের পক্ষ থেকে পৃথক অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে জোট।
এমএসআই/এমটিআই


