
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলা জামায়াত ইসলামী একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু র সভাপতিত্বে বাঘা ঐতিহাসিক তেতুল তলায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ ( চারঘাট – বাঘা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এম পি পদ প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ নাজমুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, জুলাই আন্দোলনের পরে জাতির আশা ছিল প্রশাসনিক সংস্কার, একটি নিরপেক্ষ, সুষ্ঠু অবাধ নির্বাচন এবং একটি কাঠামোবদ্ধ জুলাই সনদ কিন্তু এখনও জাতি সে আশার মুখ দেখেনি। দেশের নির্বাচন কে কালো টাকার প্রভাব ও সন্ত্রাস মুক্ত এবং গ্রহণ যোগ্য করে তুলতে পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নাই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, জুলাই অভ্যুথ্যানে যারা গণ হত্যা চালিয়েছে তাদের বিচার দৃশ্যমান করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাঘা উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মাওলানা জিন্নাত আলী, তিনি বলেন, জাতি বুক ভরা, বড় আশা নিয়ে জুলাইয়ে রক্ত ও জীবন দিয়ে ধারণা করেছিল তারা তাদের অধিকার, তাদের স্বাধীনতা ফিরে পাবে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার বিগত সরকারের আমলে রাস্তায় পড়ে ছিল, ছাত্র জনতা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে সরকারকে এ আসনে বসিয়েছে আজ সেই সরকার অজানা কোন এক অপ শক্তির পক্ষ নিয়ে নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে পি আর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবী মেনে নিতে সরকারকে আহবান করেন।
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বাঘা পৌরসভার সাবেক আমীর, জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র পদ প্রার্থী জনাব অধ্যাপক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা সংগঠনের সম্মানিত শূরা সদস্য, বাঘা পৌরসভার সম্মানিত আমীর জনাব সাবদার হোসেন, বাঘা উত্তর সাথী শাখার সভাপতি ছাত্র নেতা তারিকুল ইসলাম, ইসলামি ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি ছাত্র নেতা আব্দুল জাব্বার, এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।


