
‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে সাইফের সামনেই নিজেকে এক নম্বর বললেন অভিনেত্রী
বলিউডে নিজের অভিনয় দক্ষতা ও অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী কারিনা কাপুর খান। এবার বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে নিজের নামই ঘোষণা করলেন তিনি। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতেই এমন মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর আত্মবিশ্বাসী জবাব ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। এতে অতিথি হিসেবে দেখা গেছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে। এর আগে ২০১০ সালে শোটির তৃতীয় সিজনে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। দীর্ঘ বিরতির পর আবারও এই মঞ্চে দেখা গেল তাঁদের।
প্রকাশিত টিজারে করণ জোহরের সঙ্গে সাইফ-কারিনার বেশ কিছু মজার কথোপকথন উঠে এসেছে। অনুষ্ঠানের শেষ সিজনে বারবার অতিথি হয়ে আসার প্রয়োজন নেই বলে রসিকতা করেন কারিনা। অন্যদিকে সাইফ মজা করে বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের এই আড্ডায় নিজেকে কিছুটা বেমানান মনে হচ্ছে তাঁর।
তবে টিজারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে করণের এক প্রশ্নে। নতুন প্রজন্মের তারকাদের মধ্যে কে সেরা—এমন প্রশ্নের উত্তরে কোনো দ্বিধা না করেই নিজের নাম বলেন কারিনা। তাঁর এমন আত্মবিশ্বাসী জবাবের পর সাইফও রসিকতা করে মন্তব্য করেন, অন্য কোনো অভিনেত্রীর প্রশংসা করতেও কারিনার আপত্তি থাকা উচিত নয়।
অনুষ্ঠানের আরেকটি খেলাধুলার পর্বেও হাসির খোরাক জোগান সাইফ। ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে গিয়ে হঠাৎ ‘কবিতা’ নাম উল্লেখ করেন তিনি। তাঁর এমন উত্তরে স্টুডিওতে হাসির রোল পড়ে যায়।
গত ৩০ সেপ্টেম্বর এক আবেগঘন ভিডিওর মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের ঘোষণা দেন করণ জোহর। একই সঙ্গে অনুষ্ঠানটির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন তিনি। করণ জানান, ২০০৪ সালে প্রথম এই অনুষ্ঠানের ধারণা তাঁর বাবা প্রযোজক যশ জোহরের কাছে তুলে ধরেছিলেন। শুরুতে এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যশ জোহর। বন্ধুদের সাধারণ আড্ডা দেখতে দর্শকেরা কেন অর্থ ব্যয় করবেন, এমন প্রশ্নও তুলেছিলেন তিনি। তবে সময়ের ব্যবধানে অনুষ্ঠানটি ভারতীয় বিনোদনজগতের অন্যতম জনপ্রিয় ও আলোচিত টক শোতে পরিণত হয়।
এবারের শেষ সিজনে ইতোমধ্যে সালমান খান, রাশমিকা মান্দানা, বিজয় দেবেরকোন্ডা, জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো তারকারা অতিথি হিসেবে অংশ নিয়েছেন।


