
রায়হান মন্ডল, তানোর (রাজশাহী):
‘বর্তমান সরকারও দলকানা সরকারে পরিণত হয়েছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান অভিযোগ করেছেন, চলমান ফ্যামিলি কার্ড জরিপের নিয়োগে দলীয়করণ করা হচ্ছে। এ কারণে বর্তমান বিএনপি সরকারকে ‘দলকানা সরকারে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) তানোর উপজেলার মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে শিবিরের ‘সাথী শিক্ষা বৈঠক-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬-এর নিয়োগে দলীয়করণ করা হচ্ছে। পরবর্তী সময়ে কার্ড বিতরণেও একই ধরনের দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘যারা দলের লোক দিয়ে কাজ করায়, তারা জনগণের পক্ষে কাজ করে না; তারা দলের পক্ষে কাজ করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কার্যক্রমে দলীয়করণ করা হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।’
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ডিও (আধা সরকারি পত্র) দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ করানো হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সরকারের সমালোচনা করে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দল ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। তারাও দলকানা সরকারে পরিণত হয়েছে।’
তিনি সরকারের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করলে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে পেরেছে, কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না।’
তবে অনুষ্ঠানে তিনি সরকারের প্রতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা বণ্টন ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



