
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই থমকে গেল রাজশাহীর বাগমারার এক পরিবারের স্বপ্ন। ফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী কারিনা পাল মারা গেছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যায়। পরে নিজ কক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল তার।
কারিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা বলছেন, পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে তাদের মানসিক অবস্থার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফল আশানুরূপ না হলে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও বন্ধুদের উচিত শিক্ষার্থীর পাশে দাঁড়ানো।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


