
রাজশাহী নগরীতে চন্দ্রিমা থানার মোহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এটি প্রেমঘটিত কারণে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে সকালে রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফ্লাইওভারের পাশে কয়েকজন ছেলে মেয়েকে ঝগড়া করতে দেখা যায়। কিছুক্ষণ পরে সেখানে মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। আগুনের তীব্রতায় মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যেই পুড়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় কয়েকজনের দাবি, প্রেমিকার সঙ্গে অভিমান করে এক যুবক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো যাচাই করা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি প্রেমঘটিত নাকি দুর্ঘটনা, তা এখনই বলা সম্ভব নয়। মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। চেসিস নম্বরের মাধ্যমে মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলটিতে কে বা কারা আগুন দিয়েছে, সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। মালিক শনাক্ত এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে রহস্যজনক এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।


