
রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শিবু দাস, রাজশাহী শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, ভাল্লুকগাছী পাচানীপাড়া দাক্ষিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, শিখা প্রকল্পের এফসি সড়ক নিরাপত্তা কর্মসুচির পংকজ কুমার বিশ্বাস, পুঠিয়া থানা পুলিশ, সাংবাদিক মোহাম্মদ আলী, ছাত্র/ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ব্র্যাকের ‘শিখা’ প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং, এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি’ শীর্ষক এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলছে।
প্রকল্পের আওতায় পুঠিয়ায় ৬ টি শিক্ষা প্রতিষ্টানে এই প্রকল্প চালু আছে। আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ ও নিরাপদ চলাচলের জন্য ঝুঁকি বিশ্লেষণ করে ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, এইঠ প্রতিরোধে একশন প্ল্যান, যুব ফোরাম গঠনসহ নানা উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে আলোচনায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা খুব ভালো উদ্যেগ তবে এই অপরাধের জন্য কি ধরণের শান্তির ব্যবস্থা আছে সেটাও নিশ্চিত করা দরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব একজন ভুক্তভোগীর পুরো জীবনজুড়ে থেকে যায়। এটি শিশু ও নারীদের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারী। ওরিয়েন্টেশন সভা সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেন।


