
রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুদকে মহাব্যবস্থাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব কামরুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসা ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি ২০২৫ সালের ২২ জুন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফরিদ আহমেদ বিসিএস ১৮তম ব্যাচের বিসিএস (রেলওয়ে প্রকৌশল : সরঞ্জাম) ক্যাডারের কর্মকর্তা।
অন্যদিকে, পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুদকে মহাব্যবস্থাপক (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রশাসনিক ও পরিচালন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর ওপর ন্যস্ত হলো।
আহম্মদ হোসেন মাসুম বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের শেষ দিকে তাঁকে অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) পদ থেকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) হিসেবে পদায়ন করা হয়।
এ ছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন আহসান জাবির। নতুন দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই প্রকল্পের প্রকল্প পরিচালক পদেও তিনি দায়িত্ব পালন করবেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের তিন গুরুত্বপূর্ণ পদে এ রদবদলের ফলে প্রশাসনিক কাঠামোয় নতুন নেতৃত্ব এসেছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


