
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টার শঙ্কাও প্রকাশ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ সংগঠন আয়োজিত ‘রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে।’
নির্বাচনে ভোটাধিকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এই ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকারের একটি রাস্তা যখন সুগম হয়েছে, সেই রাস্তায় যেন কোনো কাঁটা বিছানো না হয়।
সেমিনারে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, মানবাধিকারকর্মী সারা হোসেন, গুম কমিশনের সদস্য নূর খান লিটন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, তাহসিনা রুশদীর, আনিসুর রহমান তালুকদার, এবি পার্টির নাসরীন সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।
সেমিনারে ‘আয়নাঘরের কুশীলবদের গ্রেপ্তার চাই’, ‘খুনির ঠিকানা সেনানিবাস’, ‘প্রশ্ন একটাই—খুনি কেন আজও মুক্ত’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শিত হয়। একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।


