
নবনিযুক্ত পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ প্রধানকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন সরকারপ্রধান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং তার পেশাগত সাফল্য কামনা করেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।
জানা যায়, তাকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে একবার চাকরিচ্যুত করা হয়। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি চাকরি ফিরে পান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।
আলী হোসেন ফকিরের জীবন বৃত্তান্ত
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আলী হোসেন বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ঢাকার এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। আছেন আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে।
তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।


