
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলায় ধামিন নওগাঁ, মালিদহ ও গোপইল গ্রামের সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘ সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়ন শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ধামিন নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিনটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন স্হানীয়রা।

ঢাকা থেকে জরুরি ভিত্তিতে প্রকল্প পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী প্রকৌশলী অফিসার মো. রিপন আহমেদ ও মো. সাব্বির আহমেদ।
সভায় বক্তব্যে মো. রিপন আহমেদ বলেন, “এই সেতুটি নির্মিত হলে ধামিন নওগাঁ, মালিদহ ও গোপইল গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাদের জমি রয়েছে, তাদেরকে জনস্বার্থে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। সরকারি নীতিমালার আলোকে কাজটি বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
প্রকল্প পরিদর্শনে এসে মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। এই সেতু বাস্তবায়িত হলে তিনটি গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ধামিন নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা আহমেদ, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


